বিনোদন ডেস্কঃ প্রায় প্রতিদিনই চলছে তার গানের কাজ। ভক্ত-শ্রোতাদের নতুন নতুন চমক দিতেই অভ্যস্ত তিনি। এরই মধ্যে নতুন বছরে প্রথম দিনেই ‘প্রথম দেখা’ গানে সবাইকে অবাক করে দিয়েছেন আসিফ আকবর। এবার নতুন গান নিয়ে আসছেন তিনি। এবারের গানের শিরোনাম ‘ফুঁ’। গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ ‘শুধু দুঃখকে কষ্ট দেবো/ কষ্ট পুড়িয়ে শেষে উড়িয়ে দেবো/ ফুঁ।’ চমত্কার এই কথামালা সাজিয়েছেন মারজুক রাসেল। দীর্ঘদিন পর আবার আসিফ-মারজুক জুটির গান পাচ্ছেন শ্রোতারা। গানটির সুর করেছেন মারজুক রাসেল। আর সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। গানটির ভিডিওতে অনেকটাই ক্রেজি লুকে হাজির হচ্ছেন আসিফ।
গানের কথার সঙ্গে মিল রেখে দারুণ একটি গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। ভিডিওতে আসিফ আকবরের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে সিনি স্নিগ্ধাকে। গানটি প্রসঙ্গে আসিফ বলেন, ‘অনেক দিন পর মারজুক রাসেলের সঙ্গে কাজ করলাম। মারজুক রাসেলের কথা মানেই ভিন্নতা। আমার ভক্ত-শ্রোতারা ধরেই নিয়েছেন যে, আমি এখন আমার যে কাজটাই তাদের উপহার দেব তাতে থাকবে চমক। ‘ফুঁ’ গানের শিরোনামের মধ্যেই একটি চমক আছে। আর ভিডিওতেও সেই চমকের ধারা অব্যাহত রাখা হয়েছে, যা দর্শক গানটির ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) সূত্রে জানা যায়, আগামী ২৫ জানুয়ারি প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘ফুঁ’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস-এর ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং রবি ইউন্ডার মিউজিকে।
