বিনোদন ডেস্কঃ দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন লাক্স তারকা ফারিয়া শাহরিন এবং অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। আর তাদের সঙ্গে রয়েছেন সুদর্শন অভিনেতা এফ এস নাঈম। অনুরূপ আইচের গল্পে ‘আতঙ্ক’ নামক এই নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। সম্পর্ক, প্রতিশোধ আর পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। প্রায় ১০ বছর পর অভিনয়ে ফিরলেন প্রয়াত নায়ক বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা আহমেদ। এই নাটকে মানসী চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া আর ফেরদৌস চরিত্রে নাঈম। এদিকে দেশের বাইরে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত মডেল ও অভিনেত্রী ফারিয়া। কিছুদিন আগে তিনি ছুটিতে দেশে এসেছেন। দেশে ফিরে চ্যানেল আরটিভির ‘মিউজিক স্টেশন’ অনুষ্ঠান উপস্থাপনা করছেন। সঙ্গে আবারও শুরু করলেন অভিনয়। শিগগিরই মালয়েশিয়ায় উড়াল দেবেন তিনি। অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘এক বছর পর অভিনয় করছি। গল্পটি দারুণ। ভালো লাগা থেকেই অভিনয় করছি। আশা করি ভালো কিছু হবে।’ অন্যদিকে নাঈম বলেন, ‘সব সময় ভালো কিছু কাজ করতে চাই, দর্শককে ভালো কিছুই উপহার দিতে চাই। এই নাটকটিতে আমার অভিনয়টা দর্শক টানবে বলে আমি মনে করি।’ অন্যদিকে এত বছর পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, ‘আমার বেড়ে ওঠা এই অভিনয়ের আঙিনাতেই। এটা আমার অনেক পছন্দের জায়গা। আবারও কাজে নিয়মিত হব আশা করছি।’ জানা যায়, নাটকটি শিগগিরই বেসরকারি একটি চ্যানেলে প্রচার হবে।
