বিয়ের প্রস্তাবে সাড়া না দেয়ায় কুলাউড়ায় যুবতীকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের আছকর আলীর মেয়ে রেহানা বেগম (১৭)- নামের যুবতীকে কুপিয়ে হত্যা করেছে একই ইউনিয়নের আশ্রয়গ্রামের রকিব আলীর ছেলে লাল মিয়া। এমন অভিযোগ করেছেন নিহতের বাবা আছকর আলী। খবর পেয়ে রেহানার লাশ উদ্ধার করেছে পুলিশ। 
৯ জুলাই (রবিবার) ভোর ৪ টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। বিয়ের প্রস্তাবে সাড়া না দেয়ায় একই ইউনিয়নের আশ্রয়গ্রামের লাল মিয়া এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবারের দাবি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল ইউনিয়নের আছকর আলীর নিজ বাড়ীতে ভোর ৪ টার দিকে কিছু দুষ্কৃতিকারী ঘরে প্রবেশ করে রেহানা বেগমকে কুপিয়ে হত্যা করে। এসময় বাঁধা দিতে আসলে রেহানার বাবা আছকর আলীকেও কুপিয়ে আহত করা হয়। আশেপাশের হাল্লাচিৎকারে স্থানীয় চেয়ারম্যান আব্দুল মালিক ঘটনাস্থলে যান। তিনি পুলিশকে খবর দিলে ভোর ৫ টার দিকে ঘটনাস্থলে গিয়ে রেহানার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে। 
এদিকে নিহত রেহানার বাবা আছকর আলীর বরাত দিয়ে পুলিশ জানায়, একই ইউনিয়নের আশ্রয়গ্রাম এলাকার রকিব আলীর ছেলে লাল মিয়া রেহানাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রেহানা রাজি না হলে বিভিন্ন সময় তাকে উত্যক্ত করতো সে। পরে আজ ভোরে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে রেহানাকে মারধর শুরু করলে তার বাবা আছকর আলী বাঁধা দিলে তাকেও মারধর করে। একপর্যায়ে সে রেহানাকে জবাই করে পালিয়ে যায়। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান আব্দুল মালিক জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেই। উনারা এসে লাশ উদ্ধার করেন। 
এবিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভূষণ রায় জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি বুঝা যাবে। তবে তদন্ত করে এঘটনায় জড়িতদের দ্রুত আটক করা হবে।

Post a Comment

Previous Post Next Post