অনলাইন ডেস্কঃ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে বোমা হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। বৃহস্পতিবার সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এই তথ্য প্রকাশ করেছে।
অভ্যন্তরীণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কাতিফ পৌরসভার কাছাকাছি আল-মুসাওয়ারা এলাকায় টহলরত পুলিশ দলের ওপর এ বোমা হামলায় পুলিশ কর্মকর্তা কর্পোরাল আব্দুল্লাহ তেরিকি আল-তুর্কি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৬ জন।
এক সপ্তাহের মধ্যে একই এলাকায় এ নিয়ে দ্বিতীয়বার হামলা হল। মঙ্গলবার সকালেও সন্ত্রাসী হামলায় সহকারি সার্জেন্ট আদেল ফালেহ আল ওতাইবি নিহত হন, আহত হন আরো তিনজন।
এর আগের সপ্তাহে সাঁজোয়া যান সহকারে নিরাপত্তা কাজে দায়িত্ব পালনকালে সার্জেন্ট আবদুল আজিজ আল-তুর্কিকে লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারা হলে মারাত্মক আহত হয়ে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তবে সংবাদ মাধ্যমগুলোতে এ হামলাগুলোর সঙ্গে জড়িত কোন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি।
