নিউজ ডেস্কঃ রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে একটি মামলায় জামিন প্রদান করেছেন আদালত। তিনটি মামলায় দণ্ডিত হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
তারাপুর চা বাগানের ভূমি বন্দোবস্তের নামে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলার বুধবার রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রাগীব আলীর আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার বিচারপতি একে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। রাগীব আলী ও তার ছেলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি সিলেটের তারাপুর চা-বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির বিষয়ে দায়ের করা মামলায় বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।
আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের মহানগর মুখ্য হাকিম মো. সাইফুজ্জামান হিরো ৪৬৬ ধারায় রাগীব আলী ও তার ছেলেকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড, ৪৬৮ ধারায় সমপরিমাণ সাজা প্রদান করেন। এছাড়া ৪২০ ও ৪৭১ ধারায় ১ বছর করে ২ বছরের কারাদণ্ড দেয়া হয় তাদের। পৃথক ৪টি ধারায় সিলেটের কথিত দানবীর রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে মোট ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।
এরপর গত বছরের ৬ এপ্রিল প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান দখলে করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।
প্রতারণার মাধ্যমে পত্রিকা প্রকাশের একটি মামলায়ও আদালতে দণ্ডপ্রাপ্ত হন রাগীব আলী ও আব্দুল হাই।
