বড়লেখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬২ জন শিক্ষার্থীর মাঝে এক বছরের শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান ছাড়াও এ অনুষ্ঠানে ২০ জন দরিদ্র ব্যক্তির প্রত্যেককে পান ও লেবু চাষের জন্য ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা এবং গারো উন্নয়ন সংস্থাকে একটি সিএনজি চালিত অটোরিকশা দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি ডা. প্রণয় কুমার দে, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, বেরেঙ্গা পান পুঞ্জির গারো উন্নয়ন সংস্থার সদস্য পলা সাজং প্রমুখ।

উল্লেখ্য, মাধ্যমিক পর্যায়ের ৫৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে এক বছরের জন্য ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ৯ হাজার ছয়শত টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post