বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আব্দুস শুক্কুর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শুক্কুর বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই গ্রামের আব্দুর রূপের ছেলে। রোববার (১১ জুন) বিকেলে উপজেলার রতুলি রেলক্রসিং গেটঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে তাদের বহনকারী গাড়িটির ওভারটেক কালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুস শুক্কুর জুড়ী থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। বড়লেখা উপজেলার রতুলি রেলক্রসিং গেটঘর এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা’র (সিএনজি) সাথে তাদের বহনকারী গাড়িটির ওভারটেকের সময় আব্দুস শুকুরের মাথায় ধাক্কা লাগে। এতে সে গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পায়। গুরুতর আহতবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস শুক্কুরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সিলেট নিয়ে যাবার সময় পথিমধ্যে আব্দুস শুক্কুরের মৃত্যু হয়।
বড়লেখা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সিএনজি চালিত দু’টি অটোরিকশার ওভারটেককালে এ ঘটনা ঘটে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি।’
