বন্যার আশংকা: ১২শ' হেক্টর বোরো ফসল পানিতে নিমজ্জিত

অনলাইন ডেস্কঃ সিলেটের বিশ্বনাথে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার প্রায় ১২শ' হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। ডুবে গেছে নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট। বিপদসীমা অতিক্রম করেছে উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত বাসিয়া নদীর পানি।  

প্লাবিত হয়েছে বেশিরভাগ মৎস্য খামার। সংকট দেখা দিয়েছে গবাদি পশুর খাবারে। বাধাগ্রস্ত হয়েছে নদী খননসহ সকল উন্নয়ন কাজ। পানি বৃদ্ধি অবাহত থাকায় বন্যার আশংকা করছেন উপজেলার মানুষ।

উপজেলা ঘুরে দেখা গেছে, দৌলতপুর ইউনিয়নের সবচেয়ে বড় হাওর চাউলধনীসহ প্রত্যেকটি ইউনিয়নের সব ক'টি হাওরের বোরো ফসল রয়েছে পানির নিচে। হাওরের পাশে কৃষকদের অসহায়ের মতো ঘুরতে দেখা গেছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট। ধসে পড়েছে অনেকের কাঁচাঘর। থমকে আছে বিভিন্ন উন্নয়ন কাজ।

এ বছর ফসল তোলার আশা ছেড়েই দিয়েছেন বলে জানান কৃষকরা। তারা বলেন, প্রতিবার আমরা কৃষি ভর্তুকি পাই। ভর্তুকি ও ত্রাণ না পেলে আমাদের না খেয়ে থাকতে হবে।

মৎস্যচাষীরা জানান, অনেক কষ্ট ও অর্থ ব্যয় করেও লক্ষ্য লক্ষ্য টাকার মাছ আমরা ধরে রাখতে পারিনি। সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমান বলেন, প্রায় ১২শ' হেক্টর বোরো ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, বেশিরভাগ ফসলি জমি পানির নিচে। এ অবস্থায় আমাদের করণীয় নির্ধারণ ও ক্ষতিগ্রস্থদের ত্রাণের ব্যবস্থা করতে আজ মঙ্গলবার জনপ্রতিনিধিদের নিয়ে আমরা সভা আহ্বান করেছি।

Post a Comment

Previous Post Next Post