নিউজ ডেস্কঃ আগামী পয়লা বৈশাখ বাংলা নববর্ষের দিন থেকে ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত বা এসি হচ্ছে। সব কটি কোচ শীতাতপনিয়ন্ত্রিত করার পাশাপাশি বাড়ানো হচ্ছে কোচের সংখ্যা ও যাত্রী ধারণক্ষমতা।
মোটকথা, এবার মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অন্তর্ভুক্ত হচ্ছে আধুনিক কোচ। বাড়বে বসার পরিসর। বড় করা হবে বসার আসনও। তবে এর আগে এই ট্রেনে এসি এবং ননএসি কোচ ছিল। এবার সব কোচই হয়ে যাচ্ছে এসি।
কলকাতার পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র শুক্রবার বিকেলে বলেন, মৈত্রী ট্রেনে এবার থাকছে ১০টি কোচ। এর মধ্যে চারটি এসি প্রথম শ্রেণি, চারটি এসি প্রথম শ্রেণির চেয়ার কোচ এবং দুটি এসি পাওয়ার কার। ১০টি কোচে ৪৫৬ জন যাত্রী চলাচল করতে পারবেন।
২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল যাত্রীবাহী এই মৈত্রী ট্রেন।
