মৌলভীবাজারে প্রতীক বরাদ্দের সাথে প্রচারণার মাত্রা দ্বিগুণ

মৌলভীবাজারে প্রতীক বরাদ্দের সাথে প্রচারণার মাত্রা দ্বিগুণ
শাকির আহমদ: মৌলভীবাজারে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নিজ নিজ প্রার্থীর প্রতীক পেয়ে দ্বিগুন মাত্রায় প্রচারণা করছে তাদের সমর্থকরা। সোমবার (১২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তাগণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সংরক্ষিত ও সাধারণ সদস্যদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে প্রার্থীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো: আজিজুর রহমান পেয়েছেন চশমা প্রতীক, মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন পেয়েছেন আনারস প্রতীক, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি এম এ রহিম (সিআইপি) পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম মৌলভীবাজারের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুহেল আহমদ পেয়েছেন তালগাছ প্রতীক, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহসভাপতি কমিউনিটি নেতা সাহাবুদ্দিন সাবুল পেয়েছেন প্রজাপতি প্রতীক।

এছাড়াও সকল সদস্য প্রার্থী ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের মাঝেও তাদের নিজ নিজ প্রতীক বরাদ্ধ দেয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কমকর্তা মো. তোফায়েল ইসলাম জানান, আনন্দঘন পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু হলো। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৭টি উপজেলা মিলে গঠন হয়েছে জেলা পরিষদের ১৫টি ওর্য়াড এবং ৯৫৬ জন নির্বাচকমন্ডলীর সদস্য (ভোটার)। তারা ২৮ ডিসেম্বর মোট ১৫টি কেন্দ্রে ভোট দেবেন তাদের পছন্দের প্রার্থীদের।

Post a Comment

Previous Post Next Post