ক্রেস্টের স্বর্ণে জালিয়াতি, কেন্দ্রীয় ব্যাংকের পদক বিতরণ স্থগিত

ক্রেস্টের স্বর্ণে জালিয়াতি, কেন্দ্রীয় ব্যাংকের পদক বিতরণ স্থগিত
অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পুরস্কারের জন্য বানানো স্বর্ণপদকের ক্রেস্টে স্বর্ণের মান ঠিক না থাকায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান। বুধবার কেন্দ্রীয় ব্যাংকে মেধাবী কর্মকর্তাদের এ পদক দেয়ার তারিখ ছিল।

আবু হেনা মো. রাজী হাসান বলেন, নিয়ম অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণ দিয়ে ক্রেস্ট তৈরি করা হয়। কিন্তু যে প্রতিষ্ঠানকে ক্রেস্ট তৈরির অর্ডার দেয়া হয়েছিল তারা ২১ ক্যারেটের স্বর্ণ দিয়ে তৈরি করেছে। ফলে ওই ক্রেস্টগুলো আমরা গ্রহণ করিনি এবং আজকের (বুধবার) পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

তবে আগামী সপ্তাহে ২২ ক্যারেটের স্বর্ণ দ্বারা তৈরি করা ক্রেস্ট দিয়েই পদক প্রদান অনুষ্ঠান করা হবে বলেও জানান তিনি।

সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক কাজের স্বীকৃতিস্বরূপ গত কয়েক বছর ধরে ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে। এ বছর দুই ক্যাটাগরিতে মোট ২৩ জন কর্মকর্তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে স্বর্ণপদকের জন্য নির্বাচিত হন ছয়জন।

প্রতিটি পদক ১২ গ্রাম ওজনের ২২ ক্যারেটের স্বর্ণ থাকার কথা, যা গত ১১ ডিসেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৬৬তম সভায় অনুমোদন করা হয়। কিন্তু কর্মকর্তাদের অসাবধানতাবশত ২২ ক্যারেটের পরিবর্তে ২১ ক্যারেটের স্বর্ণ দিয়ে পদক তৈরি করা হয়েছে। তবে ১২ গ্রামের পরিবর্তে প্রতি ক্রেস্টে ১৩ গ্রাম স্বর্ণ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, স্বর্ণ পদকপ্রাপ্তদের ২২ ক্যারেটের ১২ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে ক্রেস্ট তৈরি করার কথা। তবে ২১ ক্যারেটের প্রায় ১৩ গ্রাম স্বর্ণ দিয়ে ক্রেস্ট তৈরি করা হয়েছে। প্রতিটি ক্রেস্টের গায়ে লাগানো লেভেলে তা উল্লেখও আছে।

তিনি আরো বলেন, ১২ গ্রামের পরিবর্তে ১৩ গ্রাম স্বর্ণ দেয়ায় দামে কোনো পরিবর্তন না হলেও কম মানের স্বর্ণ দেয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এ ক্ষেত্রে কারো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ মানের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এককভাবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. নাজিম উদ্দিন, রণজিৎ কুমার রায়, মাসুমা বেগম ও প্রদীপ পাল। দলগতভাবে নির্বাচিত হয়েছেন উপ-মহাব্যবস্থাপক মো. আশ্রাফুল আলম ও সৈয়দ নজরুল ইসলাম।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ মানের পুরস্কারপ্রাপ্ত ১৭ কর্মকর্তাকে ১০ গ্রাম ওজনের রৌপ্য পদক ও ২৫ হাজার টাকার প্রাইজ বন্ড প্রদান করা হবে।

Post a Comment

Previous Post Next Post