অনলাইন ডেস্কঃ কিশোরগঞ্জের
বাজিতপুর উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিক নির্মিত হওয়ার এক বছরেই ঘোড়াউত্রা
নদীতে বিলীন হয়ে গেছে। ক্লিনিকটি নির্মাণে সরকারের সাড়ে ১৬ লাখ টাকা ব্যয়
হয়েছিল। সোমবার (২১ জুন) রাতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের আছানপুর গ্রামের
হরিসভা কমিউনিটি ক্লিনিকটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ২০১৫ সালের জুন মাসে
স্বাস্থ্য বিভাগের অধীনে ১৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় এ ক্লিনিক।
কিন্তু সঠিক পরিকল্পনায় নির্মিত না হওয়ায় বছর না ঘুরতেই নদীভাঙনে হারিয়ে
গেল ক্লিনিকটি। দিঘীরপাড় ইউনিয়নের নব-নির্বাচিত সদস্য (মেম্বার) শরবিন্দু
দাস, এলাকার বাসিন্দা মিঠুন দাস ও সমজিৎ দাস বলেন, গত বছর আমরাসহ এলাকার
অনেক মানুষ কমিউনিটি ক্লিনিকটি নির্মাণের সময় বর্তমান জায়গা থেকে অন্য
জায়গায় স্থানান্তর করতে মৌখিকভাবে চেয়ারম্যানকে জানিয়েছি। কিন্তু এ
ব্যাপারে চেয়ারম্যান চেষ্টা করেও ক্লিনিকটি অন্য জায়গায় সরিয়ে নিতে
পারেননি। শেষ পর্যন্ত আমাদের শঙ্কাই সত্যি হলো। ক্লিনিকটি নদীতে হারিয়ে
গেল।
এ
বিষয়ে দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন মোহাম্মদ ফারুক বলেন, আমি
ক্লিনিকটি অন্য জায়গায় সরিয়ে নিতে চেষ্টা করেছি। কিন্তু টেন্ডার হওয়ার পরে
কাজ এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায় না। তাই ক্লিনিকটি অন্য
জায়গায় সরাতে পারেনি। বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা এইচ আর সরকার উত্তম জানান, ক্লিনিকটি নির্মাণের বিষয়ে আমি কিছু
জানি না। কারণ আমি গত ৩ মাস হলো এখানে যোগ দিয়েছি।
