বিনোদন ডেস্কঃ আমি খুব লাকি। সব সময় আমার কাছে ভালো চরিত্রগুলোই আসে। এজন্য আমারে নির্দেশক, প্রযোজক ও দর্শকের কাছে আমি কৃতজ্ঞ’ কিছুদিন আগে এ কথাগুলো বলছিলেন দর্শকপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে তাঁর কিছু পছন্দের চরিত্রের কথাও বলেছিলেন। তারমধ্যে ছিল মানসিক ভারসাম্যহীন কোন নারী চরিত্র, কোন সংগ্রামী চরিত্র বা কোন যৌনকর্মীর চরিত্র। এমন সব মনের মতো চরিত্র পেলে আরও মনোযোগী হয়ে কাজ করবেন বলেও জানিয়েছিলেন তিনি। ভক্তদের জন্য সুখবর হলো তাদের প্রিয় অভিনেত্রীকে পছন্দের চরিত্রেই এবার দেখা যাবে। সম্প্রতি একটি নাটকের জন্য যৌনকর্মী সাজতে হলো অভিনেত্রী স্পর্শিয়াকে। ‘রঙিন দ্বিধা’ নামের নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। ঈদে চ্যানেল আইতে প্রচার হবে এটি।
নাটকটিতে স্পর্শিয়াকে শুধু যৌনকর্মীর মতো সাহসী চরিত্রে অভিনয়ই করতে হয়নি। তবে যথেষ্ট বেগও পেতে হয়েছে চরিত্রটি ফুটিয়ে তুলতে। এমনকি নাটকটির একটা দৃশ্যের জন্য ঢাকার শান্তিনগরের একটি হোটেলকক্ষের ছোট আলমারিতে তাকে প্রায় চার ঘণ্টা বন্দি থাকতে হয়েছে।
‘রঙ্গিন দ্বিধা’ নাটকে স্পর্শিয়ার সঙ্গে আরও অভিনয় করছেন রিয়াজ। আছেন দীপা খন্দকার। আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম শাহেদ।
নাটকে নিজের চরিত্রটি নিয়ে দারুণ রোমাঞ্চিত স্পর্শিয়া। বেশ ব্যতিক্রম একটা আমেজ আছে বলে মনে করছেন তিনি। এই চরিত্রের জন্য তাঁকে এমন কিছু কাজ করতে হয়েছে, যা আগে কখনও হয়নি।
