নিউজ ডেস্ক: এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে অভিযান চালিয়ে ১২ মে বৃহস্পতিবার অবৈধভাবে আহরণকৃত প্রায় ৬ মণ রেনুপোনা আটক করা হয়। ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত আটককৃতদের ৪ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা মৎস্য অফিস সুত্র জানায়, উপজেলা মৎস্য অফিসার মোঃ সুলতান মাহমুদ ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় হাকালুকি হাওরের তেঘরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ৬ মণ রেনু পোনাসহ মো: নাজিম উদ্দিন ও হুসেন আলী নামক ২মৎস্যজীবিকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি রাজনগর উপজেলার ঘড়গাঁও গ্রামে। পরে পোনা মাছসহ আটককৃত দু’জনকে উপজেলায় এনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। পোনা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. আলমগীর হোসেন ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করেন।
