‘সিকান্দার বক্স’ থেকে ‘অ্যাভারেজ আসলাম’

‘সিকান্দার বক্স’ থেকে ‘অ্যাভারেজ আসলাম’
বিনোদন ডেস্কঃ সিকান্দার বক্স নাটকটি আর নির্মাণ করা হবে না, এমন ঘোষণার পর নাটকটির শিল্পী-কলাকুশলী থেকে শুরু করে ভক্ত-দর্শকেরাও বেশ কষ্ট পেয়েছিলেন। এমনকি নাটকটি বন্ধ না করার জন্য ভক্তরা এর নির্মাতাকে মুঠোফোনে হুমকিও দিয়েছিলেন। একটা সময় পরিচালক সিদ্ধান্ত নেন, একজন সাধারণ মানুষ সিকান্দারের জন্য দর্শকের এত মায়া, এত ভালোবাসা! তাহলে এমন আরেকটি চরিত্র নিয়ে নাটক তো নির্মাণ করাই যায়। তাই নির্মাতা সাগর জাহান এবার তৈরি করতে যাচ্ছেন নতুন এক চরিত্র নিয়ে নতুন এক নাটক, নাম অ্যাভারেজ আসলাম।
অ্যাভারেজ আসলাম নাটকের ‘আসলাম’ এমন একটি চরিত্র, যাঁর জ্ঞানের পরিধি কম, যাঁর কোথাও জোর গলায় কথা বলার ক্ষমতা নেই কিন্তু এমন ভাব নিয়ে পাড়ায় চলাফেরা করেন যেন ইচ্ছা করলে অনেক কিছুই পারেন। পেছনে পাড়ার সবাই তাঁকে নিয়ে মজা করেন। এমনকি নিজ পরিবারেও তাঁর অবস্থান এমনই। সবাই তাঁকে একজন ‘অ্যাভারেজ’ মানুষ হিসেবে গোনে। পরিচালক নিজেই এমন একটি কাহিনি নিয়ে নাটকটির চিত্রনাট্য লিখেছেন।
সিকান্দার বক্স-এর মতো এ নাটকেও ‘অ্যাভারেজ আসলাম’ চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। ‘আসলাম’ চরিত্রটির মধ্যে নতুন কী আছে, জানতে চাইলে মোশাররফ করিম জানান, ‘গল্পের ধাঁচ কিছুটা সিকান্দার বক্স নাটকের মতো হতে পারে কিন্তু চরিত্রটি একেবারেই ভিন্ন। মঙ্গলবার (আজ) থেকে শুটিং শুরু হবে। মাঠে নামার পর বোঝা যাবে খেলাটা কেমন হবে।’
অ্যাভারেজ আসলাম নাটকটিতে আরও অভিনয় করছেন মোনালিসা, জেনি, মুনিরা মিঠু, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, সাজু খাদেম, মারজুক রাসেল, কচি খন্দকার ও নাজমুল হুদা।

Post a Comment

Previous Post Next Post