নিউজ ডেস্কঃ ভারতে গরু আনতে যেয়ে কাঁটা তারের বেড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মোমিনুর রহমান নামের এক গরু রাখালের মৃত্যুর ঘটনার একদিন পর পতকা বৈঠকের মাধ্যমে লাশ বিজিবির কাছে হস্তাস্তর করেছে বিএসএফ। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় দিকে তার লাশ হস্তান্তর করা হয়। পরে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনগণ, সাতক্ষীরা থানা পুলিশের উপস্থিতিতে তার বড় ভাই মো. ছামছুল ইসলাম এর নিকট লাশটি হস্তান্তর করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল আরমান হোসেন পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২ দিন আগে ভারতে গরু আনতে যায় সাতক্ষীরার বৈকারী গ্রামের হারুনের ছেলে মোমিনুর রহমান। সোমবার ভোর রাতে গরু নিয়ে ফেরার সময় বিদ্যুৎ সংযোগ দেয়া কাঁটা তারের বেড়ায় জড়িয়ে তার মৃত্যু হয়। ভারতীয় বিএসএফ তার লাশ উদ্ধার করে ভারতে জয় নগর বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়। সাতক্ষীরা ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল আরমান হোসেন পিএসসি সোমবার লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেন।
