আমিন জাহানঃ নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করায় এবার বাংলাদেশের পক্ষ নিয়ে সমালোচনা করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। এর আগেই সমালোচনা করেছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ‘বাড়াবাড়ি’ বলে সমালোচনা করেছেন তিনি। করাচিতে সফরকারী বাংলাদেশ নারী দল ও স্বাগতিক পাকিস্তান নারী দলের সঙ্গে দেখা করতে যান আফ্রিদি। সেখানে তিনি অজিদের সমালোচনা করে বলেন, নিরাপত্তাকে অবশ্যই গুরুত্ব দেয়া উচিত। তবে এমন ছোট ইস্যুতে সফর স্থগিত করা উচিত নয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত আর পাকিস্তানের (উপমহাদেশের দলগুলোর) মধ্যে একতা সৃষ্টি করতে হবে। ৪ স্তরের নজিরবিহীন নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতির পরও দলগুলোর এমন আচরণ হতাশ করেছে দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে, সঙ্গে হতাশ আফ্রিদিও। বাংলাদেশ সফরে স্টিভেন স্মিথদের ২টি টেস্ট খেলার কথা ছিল। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া। অজিদের পর দক্ষিণ আফ্রিকা মহিলা দলও তাদের সফর স্থগিত করেছে। তবে, পাকিস্তানের মতো দেশে খেলতে গিয়েছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের টি-২০ অধিনায়ক বলেন, আমাদের দেশের ক্রিকেট কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এবং তাদের সরকারকে ধন্যবাদ তাদের নারী দলকে পাঠানোর জন্য। পুরুষ দলকে পাকিস্তানের মাটিতে পাঠানোর আগে নারী দলকে এখানে পাঠানোর সিদ্ধান্তটি চমৎকার। আশা করি নারী দলের দেখানো পথে বাংলাদেশের পুরুষ দলটিও এখানে খেলতে আসবে। এ সময় পাকিস্তানের টি-২০ অধিনায়ক শহীদ আফ্রিদির সাথে সেলফি তুলতে ভুল করেনি বাংলাদেশি নারী ক্রিকেটাররা।
