ইরাকে বোমা হামলায় মার্কিন উপ-দূতাবাসে ৩ জনসহ নিহত ৩০

ইরাকে বোমা হামলায় মার্কিন উপ-দূতাবাসে ৩ জনসহ নিহত ৩০
ইরাকে বোমা হামলায় মার্কিন উপ-দূতাবাসে ৩ জনসহ নিহত ৩০
অনলাইন ডেস্কঃ বাগদাদে জোড়া বোমা হামলায় ২৭ জন ও আরবিলে মার্কিন কনস্যুলেটের কাছে গাড়িবোমা হামলায় ৩ জন নিহত হয়েছে। এসব হামলার দায় স্বীকার করেছে আইএস। একইদিন তিকরিতে ইরাকি যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন আইএস এ যোগ দেয়া সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ডানহাত হিসেবে পরিচিত জেনারেল ইজ্জাত ইব্রাহিম আল-দুরি। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ইরাক সরকারের অনুমোদন নিয়েই সেদেশে আইএস দমনে কাজ করছে ইরানী বাহিনী। জঙ্গিগোষ্ঠীটির নির্মূলে বিশ্বের বিভিন্ন দেশের আরও জোরালো ভূমিকা রাখা দরকার বলেও মত প্রকাশ করেন তিনি। কুর্দিস্তানের আরবিলে মার্কিন কনস্যুলেটের কাছে শুক্রবার বিকেলে আত্মঘাতী গাড়িবোমা হামলার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আগুন নিয়ন্ত্রণে নেয় দমকল বাহিনী, হতাহতদের সরিয়ে নেয় জরুরি সেবাকর্মীরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, হামলায় কনস্যুলেটের নিরাপত্তা কর্মী বা কর্মকর্তা কেউ হতাহত হয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, 'স্থানীয় কর্তৃপক্ষ কনস্যুলেট এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে। সন্ত্রাসী হামলার পরপরই কুর্দিস্তানের আঞ্চলিক সরকার দ্রুত সাড়া দেয়ায় আমরা তাদের প্রশংসা করি। এ হামলার পেছনে কারা জড়িত তা বের করতে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করবো।' একই দিন ইরাকের রাজধানী বাগদাদেও ভয়াবহ জোড়া গাড়িবোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হায় আল-আমেল ও পূর্বাঞ্চলীয় আল-হাবিবিয়া এলাকায় এসব হামলা হয়। আরবিলে মার্কিন কনস্যুলেট ও বাগদাদের এ দুই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। সরকারি বাহিনী নিয়ন্ত্রিত বাগদাদসহ বিভিন্ন এলাকায় বোমা হামলার কৌশল বেছে নিলেও সালাহউদ্দিন বা আনবার প্রদেশে অস্ত্র হাতে লড়াই চালাচ্ছে আইএস সদস্যরা। এরই মধ্যে জঙ্গিদের জন্য বড় ধরনের আঘাত হিসেবে এসেছে তাদের সঙ্গে যোগ দেয়া সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলের সেনাপ্রধান ইজ্জাত ইব্রাহিম আল দূরির মৃত্যুসংবাদ। শুক্রবার সালাহউদ্দিনের গর্ভনর জানান, তিকরিতের কাছে সেনা ও শিয়া যোদ্ধাদের হামলায় নিহত হয়েছেন এক সময় সাদ্দামের ডানহাত হিসেবে পরিচিত ইজ্জাত ইব্রাহিম। এদিকে, আইএস জঙ্গিদের পরাস্ত করতে যা যা করা প্রয়োজন সবই ইরাকি সরকারের সঙ্গে সমন্বয় করে করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। শনিবার সফররত অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরাকে জঙ্গি দমনে ইরান যা করছে তা দেশটির সরকারের অনুমতি নিয়েই করছে। আইএস নির্মূলে আরও জোরালোভাবে বিশ্বের বিভিন্ন দেশের ভূমিকা পালন করা দরকার বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post