গুরুত্বপুর্ণঃ সস্তা মানেই লাভজনক নয়!

গুরুত্বপুর্ণঃ সস্তা মানেই লাভজনক নয়!
অনলাইন ডেস্কঃ সস্তা মানেই যে সব সময় লাভজনক তা কিন্তু নয়! অন্তত মোবাইল ফোনের বিনা মূল্যের অ্যাপ্লিকেশন তো নয়ই। গবেষকেরা বলছেন, বিজ্ঞাপনযুক্ত বিনা মূল্যের মোবাইল অ্যাপগুলো আপনার ফোনের বারোটা বাজায়। কীভাবে? মোবাইল ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে এসব বিজ্ঞাপনযুক্ত অ্যাপ। কারণটি হচ্ছে এসব অ্যাপ খুব ধীরগতির হয়। এছাড়া অধিক নেটওয়ার্ক ডেটা খরচের জন্যও এই অ্যাপ দায়ী। মোবাইল ফোনের বিনা মূল্যের অ্যাপ নিয়ে পরীক্ষা চালিয়েছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি (আরআইটি) ও কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গবেষকেরা বলেন, ফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) হচ্ছে মস্তিষ্কের মতো। মস্তিষ্কের শক্তির বেশির ভাগ খেয়ে ফেলে বিজ্ঞাপন এবং মস্তিষ্কের গতি কমিয়ে দেয়। গবেষকেরা বিজ্ঞাপনমুক্ত অ্যাপের সঙ্গে বিজ্ঞাপনযুক্ত বিনা মূল্যের অ্যাপের তুলনা করে দেখেছেন, বিজ্ঞাপনযুক্ত অ্যাপগুলো বিজ্ঞাপনমুক্ত অ্যাপের চেয়ে গড়ে ১৬ শতাংশ বেশি শক্তি খরচ করে। স্মার্টফোনের ব্যাটারির আয়ু গড়ে আড়াই ঘণ্টা থেকে দুই ঘণ্টা ১০ মিনিট পর্যন্ত কমিয়ে দিতে পারে। বিজ্ঞাপনযুক্ত অ্যাপগুলো গড়ে ৪৮ শতাংশ বেশি সিপিইউ টাইম খরচ করে, ২২ শতাংশ বেশি মেমোরি নষ্ট করে ও ৫৬ শতাংশ সিপিইউ ইউটিলাইজেশনে ব্যবহৃত হয়। গবেষকেরা বলেন, বিজ্ঞাপনগুলো যেহেতু কনটেন্ট হিসেবে ডাউনলোড করতে হয় তাই স্মার্টফোনে বেশি ডেটা খরচ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। গড়ে ৭৯ শতাংশ নেটওয়ার্ক ডেটা ব্যবহারের জন্য এই বিজ্ঞাপনযুক্ত অ্যাপগুলো দায়ী। এতে স্মার্টফোন ব্যবহারকারীর হতাশা ও বিরক্তি বাড়ে। ফলে ওই অ্যাপগুলো ব্যবহারকারীদের কাছ থেকে খারাপ রেটিং পেতে শুরু করে। গবেষকেরা জানিয়েছেন, এই গবেষণার ফলে তাঁরা অ্যাপ নির্মাতাদের জন্য অ্যাপ জনপ্রিয় করার একটি মডেল দাঁড় করাতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post