লতিফ সিদ্দিকীর সাত মামলার অভিযোগ গঠন ১৩ এপ্রিল

লতিফ সিদ্দিকীর সাত মামলার অভিযোগ গঠন ১৩ এপ্রিল
লতিফ সিদ্দিকীর সাত মামলার অভিযোগ গঠন ১৩ এপ্রিল
নিউজ ডেস্কঃ হজ্ব ও তবলিগ জামাত নিয়ে কটূক্তি ও প্রধানমন্ত্রীপুত্রের মানহানির সাত মামলায় সাবেক মন্ত্রী ও আ.লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য্য করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে ১৩ এপ্রিল এ অভিযোগ গঠন শুনানি হবে। এর আগে ৮ মার্চ আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা সাত মামলা এক আদালতে স্থানান্তরের আদেশ দেন। আদেশে বলা হয়, লতিফ সিদ্দিকীর সাত মামলার বিচার ঢাকা মহানগর হাকিম (২৮ নম্বর আদালত) শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে হবে। রবিবার সিএমএম ২৮ নম্বর আদালতের পেশকার পারভেজ আহমেদ বলেন, এই ৭ মামলার শুনানির দিন আগামী ১৩ এপ্রিল ধার্য্য করেছে আদালত। লতিফ সিদ্দিকীর আইনজীবী মোশাররফ হোসেন কাজল ঢাকা কোর্টে দায়ের করা সাত মামলা বিচারের সুবিধার্থে এক আদালতে স্থানান্তরের আবেদন করেন। গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী বলেন, ‘আমি কিন্তু হজ আর তবলিগ জামাতের ঘোর বিরোধী। এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরব গিয়েছে। তাদের কোনো কাম নাই। তাদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন করতেছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা নিয়ে ওখানে দিয়ে আসছে। এভারেজে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায়, প্রত্যেকের ৫ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।’ হযরত মুহম্মদ (স.) সম্পর্কে তিনি বলেন, ‘আবদুল্লাহর পুত্র মুহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে। তারাতো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করল যে, তার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে এবং এর মধ্য দিয়ে একটা আয়ের ব্যবস্থা হবে।’ লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কেও কটূক্তি করেন। তার এসব বক্তব্য বাংলাদেশের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল ও পত্রপত্রিকায় প্রকাশের পর ঢাকা কোর্টে বিভিন্ন ব্যক্তি এ সাতটি মামলা দায়ের করেন। অবশ্য তার ওই বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আরও বেশ কয়েকটি মামলা হয়েছে। ২৩ নভেম্বর রবিবার রাত ৮টা ৪০ মিনিটে ভারত থেকে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। দেশে ফেরার পর পরই ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল তার গ্রেপ্তার দাবি করে। ২৬ নভেম্বর ধানমণ্ডি থানায় আত্মসমর্পণ করার পর লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়।

Post a Comment

Previous Post Next Post