![]() |
| সালাহউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করতে আবেদন |
নিউজ ডেস্কঃ বিএনপি'র যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ফৌজদারি কার্যবিধির ৪৯১ ধারায় আবেদনটি করা হয়। সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ আবেদনটি করেন। আবেদনকারীর আইনজীবী মাসুদ রানা বলেন, সালাহ উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়েছে। কেন তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করা হবে না, এ বিষয়ে রুলও চাওয়া হয়েছে। প্রক্রিয়া শেষে আজ মধ্যাহ্নবিরতির পর হাইকোর্টে আবেদনটি উপস্থাপন করা হতে পারে বলেও জানান তিনি। মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে তুলে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযাগ করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি স্বীকার করেনি। হাসিনা আহমেদ বলেন, “আমি (মঙ্গলবার) রাতে প্রথমে গুলশান থানা এবং পরে উত্তরা থানায় আমার স্বামীর সন্ধান চেয়ে জিডি করতে গিয়েছিলাম। কোথাও আমার জিডি গ্রহণ করা হয়নি। থানার কর্মকর্তারা অভিযোগকে ভিত্তিহীন বলে গ্রহণ করেনি।” এদিকে তবে পুলিশ, র্যাব বা গোয়েন্দা বাহিনীর কেউই সালাহউদ্দিন আহমেদকে আটকের দায় স্বীকার করেননি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর সরকার বলেন, এ ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমানও বলেন, আমরা সালাহউদ্দিনকে আটক করিনি। কেউ আটক করে আমাদের কাছে হস্তান্তরও করেননি। সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৯০-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন সালাহ উদ্দিন। পরে তিনি চাকরি ছেড়ে কক্সবাজারের সংসদ সদস্য হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার স্ত্রী হাসিনাও সংসদ সদস্য ছিলেন। রাজনৈতিক উত্তাপের মধ্যে গত জানুয়ারি মাসের শেষ দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর সালাহ উদ্দিনের নামে হরতালসহ নানা কর্মসূচির বিবৃতি গণমাধ্যমে আসছিল। তবে নিজের অবস্থান প্রকাশ করছিলেন না এই রাজনীতিক।
